আইডিআরএ সম্পর্কে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা গ্রহীতাদের স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের বীমা শিল্পের উন্নয়ন, নিয়ন্ত্রণ, প্রচার ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে ২৬ জানুয়ারি, ২০১১ এ যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই আইডিআরএ বীমা প্রতিষ্ঠান এবং বীমাকারীদের প্রতি তার দায়িত্ব পালনে সচেষ্ট এবং এ লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। চলমান বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে, আইডিআরএ সম্পত্তি বীমা গ্রহীতা এবং বীমাকারীদের অনলাইন পরিষেবা সরবরাহ এবং আইডিআরএ, বীমাকারী এবং বীমা গ্রাহকের মধ্যে তথ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য সম্পূর্ণ একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে।
আইডিআরএ প্ল্যাটফর্ম নামে পরিচিত এই ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে জীবনের সম্ভাব্য প্রতিটি ক্ষেত্রে ডিজিটাল পরিষেবা সরবরাহের জাতীয় লক্ষ্যে পৌঁছানোর নতুন ধাপ উন্মোচিত হয়েছে।
বীমা গ্রাহকের গুরুত্বপূর্ণ তথ্য ও সেবা প্রদান করার জন্য একই প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। পলিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলি সংগ্রহ করে আইডিআরএ পর্যায়ক্রমে সকল পলিসিকে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। সেখানে বীমা গ্রাহকের পরিচিতি, বীমা পলিসির মেয়াদ, জমাকৃত প্রিমিয়ামের বিবরণসহ পলিসির সকল তথ্য আইডিআরএ কর্তৃক কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত থাকবে।
বীমা গ্রাহক একসাথে সমস্ত বীমা পলিসির বর্তমান অবস্থা জানতে পারবেন। ফলে বীমাকারী প্রতিষ্ঠানসমূহের ওপর নির্ভর না করেও বীমা গ্রাহক তাঁর পলিসির তথ্য, প্রিমিয়াম জমা, প্রিমিয়ামের পরবর্তী প্রদেয় তারিখসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত হতে পারবেন।
বর্তমান আইডিআরএ এমএসএস এবং ইন্টারনেটের মাধ্যমে বীমা গ্রাহককে তাঁদের বীমা পলিসির মেয়াদ, প্রিমিয়াম জমা, প্রিমিয়ামের পরবর্তী প্রদেয় তারিখসহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবহিত করতে পারবে। বীমা গ্রাহকের সাথে নিয়ন্ত্রণ সংস্থার এই সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ায় বীমাখাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান অস্বচ্ছতার অবসান ঘটতে যাচ্ছে।
বীমাকারী, বীমা এজেন্ট, বীমাগ্রাহকসহ এই খাতের সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা বিবেচনায় রেখে এই ডিজিটাল প্ল্যাটফর্মে সর্বদা নতুন নতুন সেবা সংযোজন এর ধারা অব্যাহত থাকবে। আইডিআরএ প্ল্যাটফর্ম এর মাধ্যমে প্রদায়কৃত সেবাসমূহের মান উন্নয়নের লক্ষ্যে আইডিআরএ বরাবর আপনার মূল্যবান মতামত প্রদান করুন।